সোলার কেনার আগে যা জানা দরকার
লোড, ভোল্টেজ আর ব্যাকআপ: সহজ ভাষায় পুরো হিসাব।
সোলার কিনতে গিয়ে বেশিরভাগ মানুষ একটা জায়গায় ভুল করেন: শুধু যন্ত্রের ওয়াট দেখে সিস্টেম কেনেন। কিন্তু ফ্রিজ, মোটর বা এসি চালু হওয়ার মুহূর্তে চলার ওয়াটের ৩ থেকে ৫ গুণ বিদ্যুৎ টানে। এই হিসাব না মিললে সিস্টেম বারবার বন্ধ হয়, ইনভার্টার গরম হয়, ব্যাটারির আয়ু কমে।
১. আপনার যন্ত্রপাতি কত বিদ্যুৎ টানে
নিচের সংখ্যাগুলো বাজারের সাধারণ যন্ত্র ধরে আনুমানিক। আপনার যন্ত্রের গায়ের লেবেলে (নেমপ্লেট) আসল ওয়াট লেখা থাকে।
| যন্ত্র | চলার সময় (ওয়াট) | চালুর মুহূর্তে (ওয়াট) | 12V | 24V | 48V |
|---|---|---|---|---|---|
| এলইডি লাইট | ৮ থেকে ১৫ | সমান | চলবে | চলবে | চলবে |
| সিলিং ফ্যান | ৬০ থেকে ৭৫ | ১০০ থেকে ১৫০ | চলবে | চলবে | চলবে |
| এলইডি টিভি | ৬০ থেকে ১০০ | সমান | চলবে | চলবে | চলবে |
| রাউটার, মোবাইল চার্জার | ১০ থেকে ২৫ | সমান | চলবে | চলবে | চলবে |
| ফ্রিজ (ইনভার্টার) | ৮০ থেকে ১৫০ | ১৫০ থেকে ২৫০ | ছোট মডেল হলে | চলবে | চলবে |
| ফ্রিজ (সাধারণ) | ১৫০ থেকে ২৫০ | ৬০০ থেকে ১,২০০ | বড় ব্যাটারিতে দিনে রোদে | চলবে | চলবে |
| ওয়াশিং মেশিন | ৪০০ থেকে ৫০০ | ১,০০০ থেকে ১,৫০০ | না | একা চালালে | চলবে |
| পানির মোটর আধা HP | ৪৫০ থেকে ৫৫০ | ১,৫০০ থেকে ২,২০০ | না | একা চালালে | চলবে |
| ইজিবাইক চার্জ (60V 40Ah) | প্রায় ৬০০ | সমান | বড় ব্যাটারিতে দিনে রোদে | দিনে রোদে, প্লাসে সবসময় | চলবে |
| আয়রন, রাইস কুকার | ৭০০ থেকে ১,২০০ | সমান | না | অল্প সময় | চলবে |
| এসি ১ টন (ইনভার্টার) | ৭০০ থেকে ১,০০০ | ১,০০০ থেকে ১,৩০০ | না | দিনে রোদে | চলবে |
| পানির মোটর ১ HP | ৯০০ থেকে ১,০০০ | ৩,০০০ থেকে ৪,০০০ | না | না | একা চালালে |
| এসি ১ টন (সাধারণ) | ১,০০০ থেকে ১,২০০ | ৩,০০০ থেকে ৩,৬০০ | না | না | একা চালালে |
| ইলেকট্রিক কার হোম চার্জার | প্রায় ২,২০০ | সমান | না | দিনে রোদে | দিনে রোদে |
| পানির হিটার, গিজার | ১,৫০০ থেকে ৩,০০০ | সমান | না | বিদ্যুৎ থাকলে | দিনে রোদে |
| এসি ১.৫ টন (সাধারণ) | ১,৫০০ থেকে ১,৮০০ | ৪,৫০০ থেকে ৫,৫০০ | না | না | ইনভার্টার এসি নিন |
নিজের যন্ত্রপাতি দিয়ে এই হিসাব করতে চাইলে ক্যালকুলেটর নিজে থেকেই চালুর মুহূর্ত ধরে হিসাব করে।
২. লোড হিসাব করার ৪টি নিয়ম
- একসাথে যা যা চলবে, তাদের চলার ওয়াট যোগ করুন। যোগফল ইনভার্টারের ক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখুন।
- এর সাথে সবচেয়ে বড় মোটরের চালুর ওয়াট যোগ করে দেখুন সিস্টেম টানতে পারে কি না।
- দুইটি মোটরওয়ালা যন্ত্র একসাথে চালু করবেন না। আগে একটি চালু করে কয়েক সেকেন্ড পরে অন্যটি।
- হিটার, গিজার, আয়রনের মতো গরম করার যন্ত্র দিনে রোদ বা বিদ্যুৎ থাকার সময় চালান, রাতে ব্যাটারিতে নয়।
উদাহরণ: ৪টি ফ্যান (২৮০ ওয়াট) + ৬টি লাইট (৬০ ওয়াট) + টিভি (৮০ ওয়াট) + ফ্রিজ (২০০ ওয়াট) মিলে প্রায় ৬২০ ওয়াট। এর সাথে আধা HP মোটর চালু হলে মুহূর্তের জন্য প্রায় ২,৫০০ ওয়াট দরকার। এটা 24V সিস্টেমের সীমার কাছাকাছি, তাই মোটর চালুর সময় অন্য ভারী লোড কমিয়ে রাখা নিরাপদ।
৩. 12V, 24V আর 48V: পার্থক্যটা কোথায়
ভোল্ট যত বেশি, একই কারেন্টে তত বেশি পাওয়ার পাওয়া যায়। তাই বড় লোডের জন্য বেশি ভোল্টের সিস্টেম লাগে। তারও কম গরম হয়, ক্ষতি কম হয়, আর পরে সিস্টেম বাড়ানোর জায়গা থাকে।
| বিষয় | 12V সিস্টেম | 24V সিস্টেম | 48V সিস্টেম |
|---|---|---|---|
| কার জন্য | ছোট বাসা, ভাড়াটিয়া, দোকান | সাধারণ পরিবার | বড় পরিবার, এসি চালানোর বাসা |
| কী চলবে | ফ্যান, লাইট, টিভি, রাউটার | উপরের সব + ফ্রিজ, ছোট মোটর, ওয়াশিং মেশিন | উপরের সব + এসি, ১ HP মোটর, একসাথে অনেক লোড |
| ব্যাটারি থেকে সর্বোচ্চ টানা লোড | প্রায় ১,২০০ ওয়াট | প্রায় ২,৫০০ ওয়াট | ৫,০০০ থেকে ১২,০০০ ওয়াট, ইনভার্টার অনুযায়ী |
| সাধারণ ব্যাটারি | 12.8V 100 থেকে 200Ah | 25.6V 100 থেকে 200Ah | 51.2V 100 থেকে 300Ah |
| প্যানেল বাড়ানোর সুযোগ | কম | মাঝারি | বেশি |
| তারের ক্ষতি ও গরম | বেশি | মাঝারি | কম |
| শুরুর খরচ | সবচেয়ে কম | মাঝারি | বেশি |
ব্যাটারি কেনার সময় দুটো সংখ্যা দেখবেন
প্রথমত kWh, অর্থাৎ কত ইউনিট বিদ্যুৎ জমা থাকবে। 25.6V 100Ah মানে প্রায় ২.৫৬ ইউনিট। দ্বিতীয়ত সাইকেল, অর্থাৎ কতবার চার্জ ও ডিসচার্জ সহ্য করবে। ভালো লিথিয়াম ব্যাটারি ৬,০০০ সাইকেল পর্যন্ত চলে, দিনে একবার ধরলে অনেক বছর। সস্তা ব্যাটারির দাম কম মনে হলেও প্রতি ইউনিট হিসাবে অনেক সময় বেশি পড়ে। লিথিয়াম আর লেড অ্যাসিডের পুরো তুলনা ব্যাটারি গাইডে।
কোন প্যাকেজে কোন ভোল্ট আর কত ব্যাটারি, সব প্যাকেজের তুলনায় পাশাপাশি দেখুন।
৪. তিন ধরনের সিস্টেম: নাম শুনে ঘাবড়াবেন না
দোকানে গেলে তিনটা শব্দ শুনবেন। পার্থক্যটা বোঝার সহজ উপায় দুটো প্রশ্ন: কারেন্ট চলে গেলে বাসা চলবে কি না, আর দিনের বাড়তি বিদ্যুৎ গ্রিডে পাঠানো যাবে কি না।
| ধরন | সহজ কথায় | ব্যাটারি | কারেন্ট চলে গেলে | বাড়তি বিদ্যুৎ গ্রিডে (নেট মিটারিং) | কার জন্য |
|---|---|---|---|---|---|
| অফ গ্রিড হাইব্রিড | সোলার আর ব্যাটারি দিয়ে চলে, বাড়তি বিদ্যুৎ ব্যাটারিতে জমা হয়, গ্রিডে যায় না | লাগে | ব্যাকআপ থাকবে | যাবে না | যার মূল চাওয়া ব্যাকআপ |
| গ্রিড ফিড ইন হাইব্রিড | ব্যাটারিও আছে, আবার বাড়তি বিদ্যুৎ গ্রিডেও পাঠায় | লাগে | ব্যাকআপ থাকবে | যাবে | ব্যাকআপও চাই, বিলও কমাতে চাই |
| অন গ্রিড | ব্যাটারি নেই, পুরো বিদ্যুৎ সরাসরি ব্যবহার হয় বা গ্রিডে যায় | লাগে না | ব্যাকআপ নেই, সিস্টেম বন্ধ | যাবে | দিনে খরচ বেশি, যেমন দোকান বা অফিস |
ব্যাকআপ আর নেট মিটারিং দুইটাই চাইলে আমাদের হাইব্রিড + নেট মিটারিং প্যাকেজ দেখুন। অনুমোদনের আবেদনে আমরা সাহায্য করি।
৫. ছাদ না থাকলে: পোর্টেবল পাওয়ার স্টেশন
ভাড়া বাসা, ছাদে জায়গা নেই, বা এখনই বড় খরচে যেতে চান না? পোর্টেবল পাওয়ার স্টেশন ইনভার্টার আর লিথিয়াম ব্যাটারি একসাথে করা একটা বাক্স। প্লাগে চার্জ করে রাখলে লোডশেডিংয়ে চলে, চাইলে প্যানেল লাগিয়ে দিনে চার্জ করা যায়। ইনস্টলেশন বা ওয়্যারিং লাগে না।
এটা মূলত ব্যাকআপের জন্য, বিল খুব একটা কমে না। কোন মডেলে কী চলে আর কত ঘণ্টা, পোর্টেবল তুলনার পাতায় দেখুন।
৬. কেনার আগে যে ৬টি প্রশ্ন করবেন
- ব্যাটারি কত kWh আর কত সাইকেল? শুধু Ah শুনে সিদ্ধান্ত নেবেন না।
- ইনভার্টারের ওয়ারেন্টি কত বছর, আর সেটা রিপ্লেসমেন্ট না সার্ভিস ওয়ারেন্টি?
- প্যানেল কি SREDA অনুমোদিত, আর পারফরম্যান্স ওয়ারেন্টি কত বছরের?
- দামের মধ্যে কি স্ট্যান্ড, ক্যাবল, সুরক্ষা বক্স আর আর্থিং ধরা আছে, নাকি আলাদা?
- সার্ভিস কে দেবে, আর কত দিনের মধ্যে? স্থানীয় সার্ভিস না থাকলে সস্তা দামও দামি পড়ে।
- নেট মিটারিং করতে চাইলে: ইনভার্টার আর প্যানেল কি SREDA-র অনুমোদিত তালিকায় আছে? মডেল নম্বর মিলিয়ে দেখুন।
হিসাবটা আমরাই করে দিতে পারি
কী কী চালাতে চান আর মাসে বিল কত আসে, এইটুকু বললেই বলে দেব কোন সিস্টেম লাগবে। বিলের কাগজের ছবি পাঠালে বছরে কত বাঁচবে তাও হিসাব করে দিই।
হোয়াটসঅ্যাপে কথা বলুনসাধারণ প্রশ্ন
ফ্রিজ চালু হতে কত ওয়াট লাগে?
সাধারণ ফ্রিজ চলার সময় ১৫০ থেকে ২৫০ ওয়াট টানে, কিন্তু চালু হওয়ার মুহূর্তে ৬০০ থেকে ১,২০০ ওয়াট। সিস্টেম সাইজ করার সময় এই চালুর মুহূর্তটাই আসল হিসাব।
12V, 24V নাকি 48V নেব?
শুধু ফ্যান, লাইট, টিভি হলে 12V। ফ্রিজ আর ছোট মোটর হলে 24V। এসি, ১ HP মোটর বা একসাথে অনেক লোড হলে 48V। দুই-তিন বছরে এসি যোগ করার ইচ্ছা থাকলে শুরুতেই এক ধাপ উপরেরটা নিন।
ব্যাটারি কেনার সময় কী দেখব?
দুইটা সংখ্যা: kWh, মানে কত ইউনিট জমা থাকে, আর সাইকেল, মানে কতবার চার্জ-ডিসচার্জ সহ্য করে। শুধু Ah শুনে সিদ্ধান্ত নেবেন না।
সোলারে ইজিবাইক বা ইলেকট্রিক কার চার্জ দেওয়া যায়?
যায়, তবে দিনে রোদ থাকার সময় দেওয়াই ভালো, সোলার থেকে সরাসরি। ইজিবাইকে একবারে প্রায় ২.৫ থেকে ৩ ইউনিট লাগে, কারে ১০ থেকে ১৫ ইউনিট। রাতে ব্যাটারি থেকে ইজিবাইক চার্জ দিতে চাইলে 24V প্লাস বা 48V প্যাকেজ লাগবে, কারের জন্য রাতে ব্যাটারি থেকে চার্জ দেওয়ার পরামর্শ দিই না।
নেট মিটারিংয়ে বাড়তি বিদ্যুতের টাকা পাওয়া যায়?
যায়। বাড়তি বিদ্যুৎ আগে বিলের সাথে সমন্বয় হয়। তিন মাস পরপর হিসাব মিলিয়ে তখনো বাড়তি থাকলে বিদ্যুৎ অফিস BERC-এর পাইকারি দরে টাকা দেয়। এর জন্য গ্রিড ফিড ইন হাইব্রিড বা অন গ্রিড ইনভার্টার লাগে, অফ গ্রিড দিয়ে হয় না।