ওয়ারেন্টি ও সার্ভিস
যা ব্যাক করতে পারব না, তা লিখি না। এই পাতায় যা লেখা আছে, ইনস্টলের দিন কাগজে সই করে দেব।
কোন জিনিসে কত
| যন্ত্র | ওয়ারেন্টি | কে দিচ্ছে |
|---|---|---|
| সোলার প্যানেল | ১০ বছর | প্রস্তুতকারক |
| হাইব্রিড ইনভার্টার | ২ বছর | প্রস্তুতকারক |
| লিথিয়াম ব্যাটারি | ৩ বছর | প্রস্তুতকারক |
| চার্জ কন্ট্রোলার | ১ বছর | প্রস্তুতকারক |
| ইনস্টলেশন ও ওয়্যারিং | ১ বছর | আমরা |
| স্ট্রাকচার | ২ বছর | আমরা |
ওয়ারেন্টিতে যা পড়ে না
- বজ্রপাত, বন্যা, ঝড় বা আগুনের ক্ষতি
- নিজে বা অন্য কেউ খুলে ঘাঁটাঘাঁটি করলে
- প্যানেলে ইট-পাথর পড়ে ভাঙলে, বা কাচ ফাটলে
- ইঁদুরে ক্যাবল কাটলে
- ব্যাটারি দীর্ঘদিন পুরো খালি ফেলে রাখলে
- যে লোড চালানোর কথা তার চেয়ে বেশি লোড চালালে
বজ্রপাত ওয়ারেন্টিতে পড়ে না বলেই আমরা প্রতিটা সিস্টেমে SPD আর আর্থিং দিই। এতে ঝুঁকি অনেক কমে, তবে শূন্য হয় না।
সার্ভিস
প্রথম সাত দিন
আমরা নিজে থেকে ফোন করে খোঁজ নিই। কিছু বুঝতে সমস্যা হলে তখনই বলবেন।
সমস্যা হলে ফোন
বেশিরভাগ সমস্যা ফোনেই সমাধান হয়। ইনভার্টারের স্ক্রিনে কী লেখা উঠেছে, সেটা বললেই অর্ধেক কাজ হয়ে যায়।
না হলে আমরা যাই
রাজশাহী সদর, পবা আর গোদাগাড়ীর মধ্যে হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে। দূরের এলাকায় দুই-তিন দিন লাগতে পারে।
যন্ত্র বদলাতে হলে
ওয়ারেন্টির মধ্যে হলে আমরা প্রস্তুতকারকের কাছে পাঠাই। সময় লাগে দুই থেকে চার সপ্তাহ। এই সময়ে সম্ভব হলে আমরা একটা ইউনিট ধার দিই, যাতে ঘর অন্ধকার না থাকে।
ওয়ারেন্টির বাইরেও আমরা আছি
ওয়ারেন্টির মেয়াদ শেষ হলে সার্ভিস বন্ধ হয়ে যায় না। তখন যন্ত্রের দাম আর যাতায়াতের খরচ লাগবে, কিন্তু আমরা আসব।
সাধারণ প্রশ্ন
ওয়ারেন্টি ক্লেইম করতে কী লাগবে?
ইনস্টলের দিন যে কাগজ দেব সেটা, আর কেনার রসিদ। দুইটাই যত্ন করে রাখবেন, ছবি তুলে ফোনেও রেখে দিতে পারেন।
বাড়ি বিক্রি করলে ওয়ারেন্টি থাকবে?
থাকবে। সিস্টেমের ওয়ারেন্টি, মানুষের না। নতুন মালিককে কাগজটা দিয়ে দেবেন, আর আমাদের একটা ফোন দিলে ভালো।
ব্যাটারি তিন বছর পর নষ্ট হলে?
ওয়ারেন্টির মেয়াদ শেষ, তাই নতুন ব্যাটারির দাম লাগবে। তবে লিথিয়াম ব্যাটারি সাধারণত তিন বছরে নষ্ট হয় না — আট থেকে দশ বছর চলে, তারপর ধীরে ধীরে ধারণক্ষমতা কমে।
অন্য কারও বসানো সিস্টেম আপনারা সার্ভিস করেন?
করি। দেখে বলতে হবে কী অবস্থা। অনেক সময় আর্থিং বা ক্যাবলের কাজ এমন থাকে যে ঠিক করার আগে হাত দেওয়া ঠিক না — সেটা আগেই বলে দেব।